গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) পৌর মিলনায়তন সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডঃ এস এম জিয়াউদ্দিন হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতের সেবা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের প্রতিটি হাসপাতালে সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও কড়া নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”
তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “আপনারা অবগত আছেন যে, অনিয়মের কারণে আদ্বদীনের মতো একটি বড় প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। ভবিষ্যতে যারা স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি ও অনিয়ম বজায় রাখবে, তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।” এ সময় তিনি গোপালগঞ্জের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ডা: কে এম বাবর। তিনি বলেন, “গোপালগঞ্জবাসী স্বাস্থ্য খাতের মানোন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সার্বিক সহযোগিতা কামনা করছে। বিশেষ করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ সরকারি মেডিকেল কলেজের জনবল সংকট, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দীর্ঘ আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে অতিথিবৃন্দ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জেলাব্যাপী এই ক্যাম্পেইনের সূচনা করেন। শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এআইএল/সকালবেলা
|