চালুর আগেই সরিষাবাড়ী খাদ্য গুদামের নতুন ভবনে ধস
তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: টানা ভারী বর্ষণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নবনির্মিত অফিস ভবনের একটি অংশ মাটির নিচে ধসে গেছে। একই সঙ্গে নবনির্মিত বাউন্ডারি ওয়ালের একাংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। মাত্র দুই বছর আগে প্রায় ১৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধনের আগেই ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২২ সালে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’ (সোনাকান্দা, নারায়ণগঞ্জ) ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করে খাদ্য বিভাগের কাছে হস্তান্তর করে। এটি নির্মাণে মোট ব্যয় হয়েছিল ১৮ লাখ ৬৯ হাজার ৭১৪ টাকা। তবে হস্তান্তরের পর থেকে এই ভবনে একদিনের জন্যও কোনো দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়নি।
স্থানীয়দের অভিযোগ, চরম নিম্নমানের নির্মাণকাজের কারণেই উদ্বোধনের আগেই ভবনটি এমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষের দাবি ভিন্ন। জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান ও উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক জানান, ভবনটি নদীতীরবর্তী নিচু এলাকায় অবস্থিত। সাম্প্রতিক টানা ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভবনের নিচের মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয়েছে। ভবনের অবশিষ্ট অংশও যেকোনো সময় দেবে যেতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
ঘটনার খবর পেয়ে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হকসহ স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রকৌশলগত তদন্ত এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তপূর্বক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|