শান্তিগঞ্জে গোষ্ঠীগত বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৩

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
শান্তিগঞ্জে গোষ্ঠীগত বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৩

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রুস্তম আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আস্তমা গ্রামের নজিব আলীর পক্ষ এবং আরিছ আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের আস্তমা পয়েন্টে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাত ১০টার দিকে আস্তমা পয়েন্টসংলগ্ন একটি মোবাইল ফোন টাওয়ারের কাছে রুস্তম আলী একা অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুস্তম আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে শান্তিগঞ্জ থানা-পুলিশ দ্রুত এলাকায় অভিযান চালিয়ে আস্তমা গ্রামের নজিব আলী (৭০), রাসেল আহমদ এবং ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের কঠালপুর-নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়াকে (৩৭) গ্রেপ্তার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।" বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন