কৃষকের ঋণ পরিশোধ করল রাকাব

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
কৃষকের ঋণ পরিশোধ করল রাকাব

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে সরকারের বিশেষ উদ্যোগের আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল পরিশোধ কার্যক্রম দেশের প্রথম ব্যাংক হিসেবে সফলভাবে বাস্তবায়ন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। 

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাকাব কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির আওতায় রাকাবের মাধ্যমে মোট ২ লাখ ২৯ হাজার ৯৩৩টি কৃষক পরিবারের ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার কৃষি ঋণ সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগের ১ লাখ ৭৯ হাজার ২৭৮টি কৃষক পরিবারের ১৭৮ কোটি Logic৯২ লাখ ৪৮ হাজার টাকা এবং রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৩৭টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার বকেয়া ঋণ পরিশোধ করা হয়।

রাকাব জানায়, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় উপকারভোগী কৃষকরা এখন নতুন উদ্যমে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ব্যাংকটির পক্ষ থেকে আরও বলা হয়, কৃষিবান্ধব এই যুগান্তকারী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকারের কৃষি ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে রাকাব সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন