গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি, গ্রেপ্তার ৪
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গজারিয়া উপজেলার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর কার্যালয়ে হানা দেয় একদল ডাকাত। তারা প্রতিষ্ঠানের আটজন কর্মকর্তা-কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটে নেয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গজারিয়া থানা পুলিশ তদন্তে নামে। তদন্তের ধারাবাহিকতায় বুধবার দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামের মোঃ মাইন উদ্দিন (৪৫) ও গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের মোঃ ছোটন (৩০); ঢাকার বাড্ডার বড় বেড়াইত গ্রামের মোঃ রিয়াজুল ইসলাম (২৬) এবং শরীয়তপুরের সখিপুর থানার চর চান্দার মুন্সীকান্দি গ্রামের মোঃ আবুল খায়ের (৪০)। গ্রেপ্তারকৃত অভিযুক্তরা সবাই বর্তমানে ঢাকার তেজগাঁও ও বাড্ডা এলাকায় বসবাস করছিলেন।
এআইএল/সকালবেলা
|