কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়ক হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ণ
কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়ক হবে: প্রধানমন্ত্রী

সংসদ রিপোর্টার: কাতারের সদ্যপ্রয়াত সাবেক আমির মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকার একটি সড়কের নামকরণ তাঁর নামে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে ঢাকার একটি সড়কের নামকরণের প্রস্তাব এনে সংসদে নোটিশ দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, "গতকালই ঢাকা সিটি করপোরেশনের একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণ করার জন্য আমি স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রণালয়কে মৌখিক নির্দেশনা প্রদান করেছি।"

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে কাতারের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, "কাতার আমাদের পরম বন্ধু। দেশটি লাখ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা করে আসছে।"

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি ঘিরে যখন সংকটের সৃষ্টি হয়েছিল, তখন কাতার নিজেও বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েও সেদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিজেদের নাগরিকদের মতো দেখভাল করেছে এবং তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১২ জুলাই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন। তাঁর সম্মানে আজ ১৫ জুলাই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাঁর নোটিশে বলেন, মরহুম আমিরের দূরদর্শী নেতৃত্বেই কাতার আজ বিশ্ব দরবারে একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদি এলএনজি সহযোগিতা এবং প্রবাসী আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস সংলগ্ন সড়কটি ‘শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক’ নামে নামকরণের জোরালো তাগিদ দেন তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন