বাঘাইছড়ি পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, ত্রাণ বিতরণ

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
বাঘাইছড়ি পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, ত্রাণ বিতরণ

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ থাকতে হয়। তাই জনগণকে কিছু চাইতে হবে না; দায়বদ্ধতার জায়গা থেকেই দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) বন্যাকবলিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বাঘাইছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ভূমি অফিস ও ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে সরকার কাজ করছে। আঞ্চলিক উন্নয়ন বৈষম্য দূর করে সব উপজেলায় সমান সুযোগ-সুবিধা ও উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী বাঘাইছড়ির বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাঁদের খোঁজখবর নেন। পরে তিনি বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় তাঁর সাথে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়ে সড়ক, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও শত শত বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও উপজেলার কিছু নিচু এলাকায় সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন