আখাউড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ণ
আখাউড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ শরিফ উদ্দিন (৩৪) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) ভোরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিবের তত্ত্বাবধানে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান চালানো হয়।

আজ ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই মোঃ এমরান হোসেন ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বাধীন একটি দল মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন শরিফ উদ্দিনকে তল্লাশি করে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরিফ উদ্দিন আখাউড়া থানার ধর্মনগর (উত্তরপাড়া) এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।

আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজই (১৫ জুলাই) তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই 'জিরো টলারেন্স' নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন