পীরগাছায় নিরাপদ কৃষি নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
পীরগাছায় নিরাপদ কৃষি নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২৮ জুন) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক ও আইএফএডির অর্থায়নে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়। তিনি বলেন, “শুধু উৎপাদন বাড়ালেই হবে না, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) অনুসরণ করে আন্তর্জাতিক মান বজায় রাখলে কৃষিপণ্যের রপ্তানি বাড়বে এবং কৃষক লাভবান হবেন।”

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাইফুল আলম বলেন, “রাসায়নিক সারের ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, যা উদ্বেগের। অতিরিক্ত কীটনাশক মাটির স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করছে।” তিনি জানান, অতীতে পীরগাছা থেকে প্রায় ১০ হাজার মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি হয়েছিল। গ্যাপ নীতি মেনে চললে সেই গৌরব আবারও ফিরিয়ে আনা সম্ভব।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পার্টনার প্রকল্পের আওতায় পীরগাছায় বিগত তিন অর্থবছরে মোট ৫৬টি ফার্মার ফিল্ড স্কুল (পিএফএস) পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার বিরাহিম এলাকার উৎপাদিত আলু বিদেশে রপ্তানিও করা হয়েছে।

প্রশিক্ষণ পাওয়া কৃষাণী কুলসুম নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, “আগে আমরা শুধু চাষাবাদ জানতাম। এখন পুষ্টিকর খাদ্য, গর্ভবতী মা ও শিশুর সুষম খাবার, পারিবারিক পুষ্টি বাগান এবং গ্যাপ অনুসরণ করে নিরাপদ ফসল উৎপাদনের কৌশল শিখেছি। এখন নিজেরা বিষমুক্ত ফসল ফলাচ্ছি এবং অন্যদেরও উৎসাহিত করছি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহমুদা খাতুন, উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেস এবং এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও প্রগতিশীল কৃষকেরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন