ঘোড়াঘাটে ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৪৩০টি দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ঘোড়াঘাট পৌরসভা এলাকায় এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন (এমপি) মহোদয়ের পক্ষে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আওতায় প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
পৌর এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, ফরিদ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুর্যোগকালীন মুহূর্তে সরকারের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সুবিধাভোগী অসহায় পরিবারগুলো।
এআইএল/সকালবেলা
|