সখিপুরে অঙ্কুর বিদ্যানিকেতনে ব্যতিক্রমী কাঁঠাল উৎসব
মনির হোসেন, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার কুতুবপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অঙ্কুর বিদ্যানিকেতনে উৎসবমুখর পরিবেশে জাতীয় ফল ‘কাঁঠাল উৎসব’ পালিত হয়েছে। দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলা এবং কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
উৎসবের শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠের গাছের ছায়ায় সবাই একসঙ্গে বসে কাঁঠাল ও মুড়ি খেয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। এমন ভিন্নধর্মী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. তোফায়েল আহমেদ বলেন, “কাঁঠাল আমাদের জাতীয় ফল। অথচ বর্তমান সময়ে অনেক তরুণ-তরুণী বাজারের বিভিন্ন রাসায়নিকযুক্ত ফলের প্রতি আকৃষ্ট হলেও গাছ থেকে সংগ্রহ করা সম্পূর্ণ প্রাকৃতিক ও পুষ্টিকর কাঁঠাল খেতে আগ্রহ দেখায় না। নতুন প্রজন্মকে কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে জানাতেই আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।”
বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ফকির বলেন, “ছোটবেলায় আমরা প্রচুর কাঁঠাল খেতাম, যা আমাদের সুস্থ ও সবল থাকতে সাহায্য করত। বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। তাই দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ফিরিয়ে আনতে এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী।” তিনি আরও উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতীয় ফল কাঁঠালের উৎপাদন বৃদ্ধি এবং দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানির সম্ভাবনার কথা বলেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অঙ্কুর বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, অঙ্কুর নূরানী মাদ্রাসার মোতামিম মুফতি সাইদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। ব্যতিক্রমী এই কাঁঠাল উৎসব সখিপুরজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এআইএল/সকালবেলা
|