ডাসারে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
ডাসারে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে প্রবাসীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা স্থানীয় প্রভাবশালী নূর জাহান বেগম ও তাঁর সহযোগীদের অন্যায় কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি করেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডাসার উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী মেহেদী হাসান কুদ্দুসের ভাগনে সেলিম বেপারী। তিনি জানান, কুয়েতপ্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদার বিগত ২০২৪ সালে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় ১০১ শতাংশ জমি ক্রয় করেন। এরপর বিপুল টাকা খরচ করে নাল জমিটি বালু দিয়ে ভরাট করা হয়। বর্তমানে সেখানে তাঁদের লাগানো ৫০০টি ফলদ গাছ, ২টি পাকা টিনের বসতঘর, ১টি শেড ঘর ও পল্লী বিদ্যুতের মিটার রয়েছে, যা তাঁরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

সেলিম বেপারী অভিযোগ করেন, সম্প্রতি ওই জমিতে একটি বহুতল (পাঁচতলা) ভবনের নির্মাণকাজ শুরু করলে স্থানীয় নূর জাহান বেগম (৬০), দেলোয়ার বেপারী (৬৫), জানে আলম বেপারী (৬০), ইব্রাহিম বেপারী (৩০), শাহ আলম বেপারী (৫৫) এবং সাকিব বেপারী (৩২) সহ একদল প্রভাবশালী ব্যক্তি জমিটি জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। বাধা দেওয়ায় প্রবাসীর পরিবারকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং নির্মাণকাজ বন্ধ না করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদারের স্ত্রী মুর্শেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী প্রবাসে রাত-দিন হাড়ভাঙা খাটুনি দিয়ে এই জমি কিনেছেন। আমরা আমাদের নিজেদের জায়গায় বাড়ি করতে গিয়েও আজ নানামুখী বাধার সম্মুখীন হচ্ছি। নূর জাহান বেগম ও তাঁর লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সরকারের কাছে এর সঠিক বিচার চাই।”

সংবাদ সম্মেলনে প্রবাসীর বাবা নুরু সরদার, মা মনোয়ারা বেগম, ছেলে মুরাদ সরদার, রফিকুল ইসলাম রফি, নূর আলম ফকির, সিরাজ ফকির এবং ওসমান সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভুক্তভোগী পরিবারটি প্রবাসীর রেমিট্যান্সের টাকায় কেনা সম্পত্তি রক্ষার্থে এবং কুচক্রী মহলের হাত থেকে বাঁচতে মাদারীপুর জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন