টেকনাফ স্থলবন্দর পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সার্বিক কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্থলবন্দরে পৌঁছান। পরিদর্শন শেষে তিনি টেকনাফে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
স্থলবন্দরে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান বন্দর কর্তৃপক্ষ। এরপর তিনি বন্দরের জেটি ঘাট, বিভিন্ন গুদাম, প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি নাফ নদের জলসীমা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বন্দরের নিরাপত্তা ও ব্যবসায়িক গতিশীলতা নিয়ে কথা বলেন।
স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে যে আংশিক স্থবিরতা বিরাজ করছে, বিষয়টি মন্ত্রীর নজরে আনা হয়।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর। এছাড়াও জেলা প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
স্থলবন্দর পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ উপজেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করেন। এসময় তিনি স্থানীয় কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
এ.আই.এল/সকালবেলা
|