সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষ্য অর্জনে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

শুক্রবার (১২ জুন) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে তিনি হত-দরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে কর্মসহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা গ্রহণকে অবৈতনিক করা হয়েছে। তাই সকলের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্যে খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চায় নিয়োজিত করতে হবে।’ এ সময় মাদক এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির হাত থেকে সন্তানদের রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার ফারজানা শারমীন বলেন, এ দেশে কোনো শ্রেণি-পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। প্রস্তাবিত নতুন বাজেট জনবান্ধব এবং এটি জনআকাঙ্ক্ষা পূরণ করে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।

তিনি আরও জানান, আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। একই সঙ্গে মন্ত্রণালয়ের বিভিন্ন ভাতার পরিধি বাড়ানো হবে এবং দূরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখে উন্নীত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি এবং ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। গ্রামীণ জনপদে দ্রুততম সময়ে বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালত কাজ করছে। পাশাপাশি জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার সুযোগ করে দেওয়া হচ্ছে। দেশে কোনো মানুষ আর অসহায় থাকবে না।

উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।

এর আগে প্রতিমন্ত্রী বাগাতিপাড়ার উপজেলা খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বাগাতিপাড়া জিমনেশিয়ামে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন করেন। পরে তিনি লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।

মন্তব্য করুন