গাজীপুরে সাংবাদিকের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ
গাজীপুরে সাংবাদিকের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় প্রভাবশালী একটি সন্ত্রাসী গোষ্ঠী তাঁকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু তাঁর বাসার পাশে একটি নির্মাণাধীন কাজ তদারকি করছিলেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গাজীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি গনি মিয়া ও মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোফাজ্জল হোসেনসহ একদল সন্ত্রাসী তাঁর কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এদিন সকালে তারা জোরপূর্বক নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং প্রতিবাদ করলে হাতুড়ি, রড ও লাঠি দিয়ে মোসলেহ উদ্দিন বাচ্চুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় তাঁর চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

হামলাকারীদের হুমকির মুখে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে জয়দেবপুর থানা পুলিশ ও র‍্যাব-১ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ১৮, তারিখ: ১৭ এপ্রিল ২০২৬)। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫ এবং ৫০৬ ধারায় চাঁদাবাজি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন