সাঁথিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বাড়ির পাশের ডোবায় মাছ শিকার করতে গিয়ে বিষধর সাপের কামড়ে রুহান মোল্লা (২৬) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সময়মতো প্রতিষেধক বা অ্যান্টিভেনম প্রয়োগ না করার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ তুলেছে পরিবার।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কাবারিকোলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুহান ওই গ্রামের হেলাল মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রুহান বাড়ির পাশের একটি ডোবায় টেঁটা দিয়ে মাছ শিকার করতে যান। কচুরিপানার ভেতর মাছ খোঁজার সময় একটি বিষধর সাপ তাঁর পায়ে কামড় দেয়। তাঁর চিৎকার শুনে স্বজনেরা দ্রুত ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং রাতেই সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের বাবা হেলাল মোল্লা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, “হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক (অ্যান্টিভেনম) থাকার পরও জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমার ছেলের শরীরে তা পুশ করেননি। আমরা বারবার অনুরোধ করলেও তিনি কোনো গুরুত্ব না দিয়ে উল্টো পাবনা সদর হাসপাতালে রেফার্ড করে দেন। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ছটফট করতে করতে রুহান মারা যায়। সময়মতো অ্যান্টিভেনম দিলে আমার ছেলেকে এভাবে মরতে হতো না।”
চিকিৎসা অবহেলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন বলেন, “হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম বা সাপের কামড়ের প্রতিষেধক মজুত রয়েছে। তবে রাতে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, রোগীকে যখন আনা হয় তখন তাঁর শরীরে সাপের কামড়ের তেমন কোনো স্পষ্ট ক্ষত বা বিষক্রিয়ার লক্ষণ ধরা পড়েনি। তাই উন্নত পর্যবেক্ষণের জন্য তাঁকে পাবনা সদরে পাঠানো হয়েছিল।”
এদিকে একমাত্র তরুণ সন্তানকে হারিয়ে চর কাবারিকোলা গ্রামে নিহতের পরিবারে চলছে মাতম। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এআইএল/সকালবেলা
|