আবারও ক্যানসারে আক্রান্ত উপস্থাপিকা সামিয়া আফরিন
অনলাইন ডেস্ক: ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ পাঁচ বছরের সংগ্রামের মধ্য দিয়েই আবারও এক কঠিন শারীরিক পরীক্ষার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা সামিয়া আফরিন। তিন মাস আগে স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, এবার তিনি ‘ওভারিয়ান ক্যানসারে’ আক্রান্ত।
রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের শারীরিক অবস্থা, অস্ত্রোপচার এবং চলমান চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানান সামিয়া।
তিনি উল্লেখ করেন, তিন মাস আগে রোগ শনাক্ত হওয়ার পর পরই দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং রিপোর্টে এটি ‘হাই গ্রেড কার্সিনোমা’ হিসেবে ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর কেমোথেরাপি থেরাপি সেশন চলছে।
পাঁচ বছর আগের চিকিৎসার অভিজ্ঞতা স্মরণ করে সামিয়া জানান, প্রথমবার তাঁকে কেমোথেরাপি নিতে হয়নি, কেবল ইমিউনোথেরাপির মাধ্যমেই তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে এবার কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মানসিকভাবে ভেঙে না পড়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। চুল পুরোপুরি ঝরে যাওয়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করিয়ে সেই রূপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন সামিয়া।
নিজের ভেতরের মনোবল প্রকাশ করে সামিয়া বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মন খারাপ করে বসে না থেকে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই মূল বিষয়।
কঠিন এই সময়ে ভক্ত, বন্ধু ও দেশবাসীর কাছে আন্তরিক ভালোবাসা ও দোয়া চেয়েছেন তিনি। আগের বারের মতো এবারও নিজের মনোবল ধরে রেখে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই ক্যানসার বিজয়ী।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের অভিজ্ঞতা প্রথমবার প্রকাশ করেন সামিয়া আফরিন। ২০২২ সালে তাঁর শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার ধরা পড়েছিল, যা প্রায় দুই বছরের সফল চিকিৎসায় নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে তিনি ক্যানসার আক্রান্ত অন্য রোগীদের মানসিক ও প্রাতিষ্ঠানিক সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।
|