মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের কড়া হুঁশিয়ারি: বন্ধ হবে তেল রপ্তানি

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের কড়া হুঁশিয়ারি: বন্ধ হবে তেল রপ্তানি

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিহাসের অন্যতম বড় ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির খবর আসতেই চরম কূটনৈতিক ও সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত রাখা হলে পারস্য ও উপসাগরীয় অঞ্চল দিয়ে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেওয়া হবে না’।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক নিবন্ধে নতুন এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করে জানান, সোমবার থেকে ইরানের আর্থিক কাঠামোর ওপর বড় ধরনের প্রশাসনিক অভিযান চালানো হবে। একই সাথে যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানের সাথে ব্যবসা চালিয়ে যাবে, তাদের ওপরেও কঠোর বিধিনিষেধ আরোপের হুমকি দেন তিনি।

এর কড়া জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, ইরানকে সংকুচিত করার এই মার্কিন পদক্ষেপ সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। তিনি স্পষ্ট করেন, হরমুজ প্রণালি কিংবা পারস্য উপসাগরের কোনো পয়েন্ট দিয়েই আর তেলবাহী ট্যাঙ্কার পার হতে দেওয়া হবে না। এমনকি যেসব দেশ ওয়াশিংটনের এই অর্থনৈতিক অভিযানে সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বের সার্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনি হিসেবে বিবেচিত হরমুজ প্রণালিতে এই ধরনের অচলবস্থার হুমকিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে নতুন করে তীব্র অস্থিরতা ও দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাওয়া ইরানি অর্থনীতির এই সংকটকালে পাকিস্তান, কাতার ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য করুন