বায়তুল মোকাররমে সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হতে যাচ্ছে ১৫ দিনব্যাপী বিশেষ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। পক্ষকালব্যাপী এই জ্ঞানগর্ভ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার শুভ সূচনা করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ২৫ আগস্ট থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে চলবে এ কার্যক্রম। এতে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও দর্শনের ওপর ওয়াজ-নসিহত উপস্থাপন করবেন।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রতিদিনের কর্মসূচিতে থাকছে ওয়াজ-মাহফিল, কিরাত ও হামদ-নাত পরিবেশনা। এ ছাড়া তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর সুমহান জীবনীর সঙ্গে পরিচিত করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠের আসর এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ প্রযোজনায় বিষয়ভিত্তিক বিশেষ সেমিনার সরাসরি সম্প্রচার করা হবে।
পাশাপাশি বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের এই অনুষ্ঠানমালা ও বইমেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
|