শাকিব খানকে নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ
বিনোদন ডেস্ক: একসময়ের করোনা-পরবর্তী কঠিন পরিস্থিতি ও নানা সমালোচনা কাটিয়ে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা হিমেল আশরাফ। এরপর এই জুটি উপহার দেয় ‘রাজকুমার’ সিনেমাটি। মাঝে কিছুটা বিরতি কাটিয়ে আবারও রুপালি পর্দায় শাকিব খানকে নিয়েই ফিরছেন এই আলোচিত পরিচালক।
শাকিব-হিমেল জুটির আগের দুটি সিনেমা ‘ভার্সেটাইল মিডিয়া’ থেকে নির্মিত হলেও, এবারের নতুন প্রজেক্টটির পেছনে রয়েছে প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’। গত মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁর সঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক হিমেল আশরাফ ও মেগাস্টার শাকিব খানকে একসঙ্গে দেখা যায়। ছবির ক্যাপশনে সোনি লেখেন, ‘শুরু হোক আবার’। সেই পোস্টটি ফেসবুকে শেয়ার করে নতুন সিনেমার স্পষ্ট ইঙ্গিত দেন পরিচালক হিমেল আশরাফ নিজেও।
নতুন এই সিনেমা সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে নির্মাতা হিমেল আশরাফ জানান, সিনেমার গল্প ইতিমধ্যে সম্পূর্ণ চূড়ান্ত হয়েছে। বর্তমানে এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং আগামী মাসেই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সিনেমাটির ধরন সম্পর্কে তিনি জানান, এটি মূলত একটি নিখাদ রোমান্টিক প্রেমের গল্প ও ফ্যামিলি ড্রামা হতে যাচ্ছে, যা আগামী বছর (২০২৭) মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। তবে এটি ঈদে আসবে নাকি বছরের অন্য কোনো সময়ে, তা এখনই নিশ্চিত করা হয়নি।
এই জুটির আগের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কলকাতার ইধিকা পাল এবং মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি অভিনয় করেছিলেন। নতুন সিনেমাতেও দেশের বাইরের নায়িকার এই ধারা বজায় থাকবে কি না—এমন প্রশ্নে এখনই মুখ খুলতে চাইলেন না নির্মাতা। তিনি জানান, মাস দুয়েকের মধ্যেই কাস্টিংসহ সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় আগুন নামের এক রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব। সিনেমাটিতে আরও আছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। মুক্তির পর থেকে ছবিটিতে শাকিবের অভিনয়ের প্রশংসা থাকলেও, এর গল্প নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
|