তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্মালেই মিলবে সোনার আংটি
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থেকে রাজনীতির মাঠে নামা থালাপতি বিজয় এবার এক যুগান্তকারী জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ভারতজুড়ে ব্যাপক আলোচনায় এসেছেন। তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের একটি করে সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে তার সরকার। সম্পূর্ণ ব্যতিক্রমী এই সরকারি উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পটির সফল বাস্তবায়নে বছরে সরকারের কোষাগার থেকে প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় হবে। অভিনব এই উদ্যোগটি দ্রুত চালু করতে ইতিমধ্যে দরপত্র আহ্বানসহ প্রয়োজনীয় সব প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ জুন ছিল মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন। আর সেই বিশেষ দিনটি থেকেই প্রকল্পটি কার্যকর করা হয়েছে। অর্থাৎ, গত ২২ জুন থেকে তামিলনাড়ুর যেকোনো সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতকই এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, দ্রাবিড় আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব পেরারিঞার আন্নার জন্মবার্ষিকীতে।
তামিলনাডুর সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তামিল সংস্কৃতির প্রাচীন ও ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ প্রথা থেকে এই প্রকল্পের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। তামিল রীতি অনুযায়ী, নবজাতকের মামা শিশুকে আশীর্বাদ ও শুভকামনা জানাতে বিভিন্ন উপহার দিয়ে থাকেন। বিজয়ের নতুন এই প্রকল্পে সেই মামার প্রতীকী দায়িত্বটি পালন করবে খোদ রাজ্য সরকার। ভালোবাসা, শুভকামনা ও আশীর্বাদের স্মারক হিসেবে প্রতিটি নবজাতককে দেওয়া হবে একটি করে সোনার আংটি।
সরকারের পক্ষ থেকে একটি গণমাধ্যমকে বলা হয়েছে, এটি শুধু সাধারণ কোনো কল্যাণমূলক উদ্যোগ নয়; বরং নবজাতক ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের গভীর দায়বদ্ধতার এক অনন্য প্রতীক। একই সঙ্গে এই কর্মসূচির মাধ্যমে তামিল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঐতিহ্যকেও টিকিয়ে রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, এই ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাঝাগম’ (টিভিকে)-এর নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান ও আকর্ষণীয় প্রতিশ্রুতি। পাশাপাশি সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এও এটিকে সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হিসেবে যুক্ত করা হয়েছিল। এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতা বা সংগঠন ব্যক্তিগত উদ্যোগে বিশেষ কোনো দিনে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের আংটি উপহার দিলেও, ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজ্য সরকার একে স্থায়ী সরকারি কল্যাণ প্রকল্পের আওতায় নিয়ে এলো।
|