মুসলিম তালাক আইনকে বৈধ ঘোষণা ভারতীয় আদালতের
সকালবেলা নিউজ: ভারতে মুসলিম শরিয়াহ আইনের অধীনে প্রচলিত বিবাহবিচ্ছেদ পদ্ধতি ‘তালাক-এ-হাসান’ বৈধ বলে ঘোষণা দিয়েছে দেশটির একটি আদালত। এ পদ্ধতি ভারতে নিষিদ্ধ নয় উল্লেখ করে রায় দিয়েছেন আসামের গৌহাটি হাইকোর্ট।
বিচারপতি অরুণ দেব চৌধুরী এক রিট মামলার শুনানিতে এ সিদ্ধান্ত জানান। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে এক দম্পতির বিয়ে হলেও কলহের জেরে স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে স্বামী ২০২৬ সালের মার্চ, এপ্রিল ও মে মাসে তিন দফায় ‘তালাক-এ-হাসান’ উচ্চারণ করেন এবং বিষয়টি নিবন্ধনের আবেদন জানান।
তবে আসাম রাজ্য কর্তৃপক্ষ জানায়, ১৯৩৫ সালের পুরনো নিবন্ধন আইনটি বাতিল হওয়ায় তৎকালীন কর্তৃপক্ষের এই বিচ্ছেদ নিবন্ধনের এখতিয়ার নেই।
সকল দিক বিবেচনা করে বিচারপতি জানান, আবেদনকারীর অনুসৃত ‘তালাক-এ-হাসান’ একটি বৈধ বিচ্ছেদ পদ্ধতি এবং তা দেশে নিষিদ্ধ নয়। বাতিল হওয়া পুরনো আইনের পরিবর্তে আবেদনকারীকে ‘অসম বাধ্যতামূলক মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নথিভুক্তকরণ আইন, ২০২৪’-এর অধীনে নতুন কাজীর কাছে যাওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি বিচ্ছেদের শিকার স্ত্রী চাইলে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন বলেও উল্লেখ করা হয়।
এআইএল/সকালবেলা