পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নেই: কৃষিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ণ
পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নেই: কৃষিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: মাতৃশোকে আবেগাপ্লুত হয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই। তাই প্রতিটি সন্তানের উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের পাশে থাকা এবং তাঁকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর মাতাজী মরহুমা আমেনা বেগমের জানাজা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানাজাপূর্ব স্মৃতিচারণে মন্ত্রী বলেন, ১০৩ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেওয়া তাঁর মায়ের জীবনের শেষ সময় পর্যন্ত সন্তানেরা পাশে থাকার সৌভাগ্য অর্জন করেছেন। জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জানাজা শেষে পরাণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে ইন্তেকাল করেন আমেনা বেগম। জানাজায় অংশ নেওয়াসহ শোক ও সমবেদনা জানানোয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কৃষিমন্ত্রী।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন