সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চায় সরকার: সমবায় মন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও বর্তমান সরকার সেই পথে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই এই সরকারের মূল লক্ষ্য।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন। জনগণের সমর্থনে গঠিত এই সরকার দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।"
তিনি স্পষ্ট করে বলেন, "বাংলাদেশ কোনো নির্দিষ্ট একক ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার সমৃদ্ধির পথে সামনের দিকে এগিয়ে যেতে চায়।"
মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান— সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। কিন্তু সেই ঐতিহাসিক সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এআইএল/সকালবেলা
|