ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক ওসমানী উদ্যান প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্যানটি নগরবাসীর জন্য উন্মুক্ত ঘোষণা করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ সময় ধরে ওসমানী উদ্যানের সার্বিক আধুনিকায়ন ও সবুজায়নের কাজ পরিচালনা করা হয়। আধুনিকায়ন শেষে দীর্ঘ প্রতিক্ষার পর আজ থেকে উদ্যানটি রাজধানী ঢাকা শহরের সব শ্রেণী-পেশার মানুষের বিনোদন, হাঁটাহাঁটি ও সময় কাটানোর জন্য খুলে দেওয়া হলো।

নতুনভাবে সজ্জিত উদ্যানটিতে রয়েছে আধুনিক লেকভিউ, উন্নত হাঁটার পথ (ওয়াকওয়ে), পর্যাপ্ত আলোকসজ্জা, বসার স্থান এবং সুপরিকল্পিত সবুজ বাগানের মনোরম পরিবেশ।

ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং এতে আত্মত্যাগকারী অগণিত বীর শহীদদের স্মৃতি স্মরণে উদ্যানের কেন্দ্রস্থলে বিশেষ স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে এই ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বীর শহীদদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং স্মৃতিস্তম্ভটিকে তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হিসেবে চিহ্নিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী, সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সাধারণ মানুষ উৎসাহ- উদ্দীপনা নিয়ে নবনির্মিত উদ্যান ও স্মৃতিস্তম্ভ ঘুরে দেখতে শুরু করেন।