যাত্রাবাড়ীতে গ্রেপ্তার ৬ যুবক ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হওয়া ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (৫ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাসুম খান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিত।
পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার’ সংলোন আমিন মোহাম্মদ গ্রুপের পাশের একটি বালুর মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল নিয়মিত ডিউটি করার সময় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানতে পারে, উগ্রবাদী সংগঠনের কয়েকজন সদস্য সেখানে বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে সমবেত হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ বালুর মাঠে আকস্মিক অভিযান চালালে পালানোর চেষ্টাকালে এই ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। উভয়পক্ষের বক্তব্য পর্যালোচনা করে আদালত ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
আদালত সূত্র জানায়, আজ বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। তাদের বহনকারী প্রিজন ভ্যানের সামনে-পেছনে পুলিশের আরও চারটি গাড়ি বিশেষ পাহারায় নিয়োজিত ছিল। কড়া পুলিশি বেষ্টনীর মধ্য দিয়েই তাদের এজলাসে তোলা এবং নামানো হয়।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ভোররাতে ওই নির্জন বালুর মাঠে সমবেত হওয়ার কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা বড় ধরনের কোনো উগ্রবাদী কর্মকাণ্ডের ছক আঁকছিলেন। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং তাদের মূল উদ্দেশ্য কী, তা বিস্তারিত জানার জন্য আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
এআইএল/সকালবেলা
|