বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনের সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম জিহাদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি এলাকার আবুল খোনারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই বাড়ির শ্রমিক ইউনিয়ন নেতা মোহাম্মদ জয়নালের ছেলে। সে স্থানীয় আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
মৃত শিশুর বাবা মোহাম্মদ জয়নাল জানান, দুপুরের খাবার শেষ করে বসতঘরের সামনেই খেলাধুলা করছিল জিহাদ। একপর্যায়ে বিকেল আনুমানিক ৩টার দিকে অসতর্কতাবশত ঘরের সামনের সিঁড়ি থেকে সে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে শিশুটি।
তাৎক্ষণিকভাবে স্বজনদের চিৎকার শুনে তিনি ছুটে আসেন এবং অচেতন অবস্থায় জিহাদকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়। খেলার ছলে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে কোনো অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|