৮টি যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপের সুরেই রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বমঞ্চে নিজের পররাষ্ট্রনীতির সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, এ পর্যন্ত তিনি অন্তত আটটি যুদ্ধ থামিয়েছেন। কিন্তু এত কিছুর পরও তাঁকে নোবেল দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি (ইউএস ২৫০) উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হাস্যরসের ছলে ট্রাম্প এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক সমর্থক ও জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমেরিকা অলিম্পিকে সবচেয়ে বেশি মেডেল জেতা দেশ। শুধু তাই নয়, বিশ্বজুড়ে নোবেল পুরস্কারও আমাদের দেশের নাগরিকরাই সবচেয়ে বেশি পেয়েছেন। যদিও আমি নিজে এখনো কোনো নোবেল পাইনি। অথচ আমি বিশ্বমঞ্চে অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না!”
ট্রাম্পের এই মন্তব্য শোনার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত সমর্থকরা তুমুল করতালি, হাসির রোল ও উল্লাসের মাধ্যমে তাঁকে সমর্থন জানান।
এটিই প্রথম নয়; এর আগেও ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে ঐতিহাসিক ‘আব্রাহাম অ্যাকর্ডস’ শান্তি চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপের জন্য নিজেকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে একাধিকবার দাবি করেছিলেন। এবার যুক্তরাষ্ট্রের ২৫০তম ঐতিহাসিক স্বাধীনতা দিবসের বড় মঞ্চেও সেই একই আক্ষেপ নতুন করে তুলে ধরলেন তিনি।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবিটি মূলত তাঁর চিরচেনা রাজনৈতিক প্রচারণার অংশ এবং এক ধরনের অতিরঞ্জিত রসিকতা। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|