২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক: কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের (তাকমিল) ২০২৭ সালের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে দেশব্যাপী একযোগে এই পরীক্ষা শুরু হবে।
আজ রোববার (৫ জুলাই) কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ কেন্দ্রীয় শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার (৪ জুলাই) আল-হাইআতুল উলয়ার সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বোর্ডের স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় হিজরি ১৪৪৮ এবং ইংরেজি ২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার এই তারিখ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২/১৩ শাবান ১৪৪৮ হিজরি, মোতাবেক ২১ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) থেকে পরীক্ষা শুরু হবে। এরপর ২৩/২৪ শাবান ১৪৪৮ হিজরি, অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) পরীক্ষা শেষ হবে।
বোর্ডের নিয়ম অনুযায়ী, মাঝখানের দুটি শুক্রবার (২২ জানুয়ারি ও ২৯ জানুয়ারি ২০২৭) সাপ্তাহিক ছুটি থাকার কারণে ওই দিনগুলোতে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার জন্য শিক্ষার্থীদের অনলাইন বা অফলাইন নিবন্ধনের (রেজিস্ট্রেশন) সময়সীমা এবং পরীক্ষার অন্যান্য বিস্তারিত দিকনির্দেশনা ও নিয়মাবলি শিগগিরই বোর্ডের পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|