ফুলবাড়িয়ায় প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
ফুলবাড়িয়ায় প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নবনির্মিত চারতলা বিশিষ্ট সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও মিলনায়তনের ফলক উন্মোচন এবং ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ রোববার (৫ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই আধুনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভবন উদ্বোধনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মাসুম প্রধান, ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী এবং যুগ্ম আহ্বায়ক আবুল ফজলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এসে পৌঁছালে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তবে অনুষ্ঠান চলাকালীন সময়ে মিলনায়তনে প্রবেশ করাকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে আকস্মিক হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী প্রশাসনিক ভবন চত্বরের সামনে একটি স্মারক বৃক্ষরোপণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর স্থানীয় প্রশাসন ও সুধীজনদের সঙ্গে প্রতিমন্ত্রীর একটি পূর্বনির্ধারিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাজধানীতে সরকারের অত্যন্ত জরুরি কাজ থাকায় তিনি সেই মতবিনিময় সভায় অংশ না নিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন