ফেস দ্য পিপল সম্পাদক সাইফুরের বিরুদ্ধে মামলা
আদালত প্রতিবেদক: চাঁদা দাবি ও মানহানির চাঞ্চল্যকর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজ রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে সামাজিক প্রতিষ্ঠান ‘মাস্তুল ফাউন্ডেশন’-এর পক্ষে আবু মো. কামরুজ্জামান এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন এবং বিকেলে পিবিআই-কে মামলাটি তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, আসামিরা বিভিন্ন সময় ফেস দ্য পিপল অনলাইন পোর্টালে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের কথা বলে মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে আসেন। সেখানে তারা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে সংবাদ প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। শুধু তাই নয়, ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য আসামিরা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে নিয়মিত চাঁদা দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই অন্যায্য চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা প্রতিষ্ঠানটির বড় ধরনের ক্ষতি ও সুনাম ক্ষুণ্ণ করার হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, চাঁদা না পেয়ে পূর্বপরিকল্পিতভাবে গত ২৮ জুন ফেস দ্য পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এই কাল্পনিক প্রতিবেদনের কারণে দীর্ঘদিনের সুনামের অধিকারী প্রতিষ্ঠানটির প্রায় ২০ কোটি টাকার অপূরণীয় মানহানি ঘটেছে বলে এজাহারে দাবি করা হয়েছে। আদালত এই অভিযোগের সুষ্ঠু তদন্তের দায়িত্ব পিবিআই-এর ওপর ন্যস্ত করেছেন।
এআইএল/সকালবেলা
|