দখলদারিত্ব বন্ধ না হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সিসি
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলের অবৈধ দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ রোববার (৫ জুলাই) এক বিশেষ ভাষণে প্রেসিডেন্ট সিসি বলেন, “ফিলিস্তিনি ভূমিতে দখলদারিত্বের অবসান, অন্যায়-আগ্রাসন বন্ধ, প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার নিরাপত্তা নিশ্চিত করে একটি ন্যায্য শান্তি প্রতিষ্ঠা করা জরুরি। এটি না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, প্রকৃত স্থিতিশীলতা কিংবা জনগণের পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্নই আসে না।”
১৯৭৯ সালে প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল মিসর। সেই দেশের বর্তমান প্রেসিডেন্ট সিসি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকটের একমাত্র টেকসই সমাধান হলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক ও ন্যায্য শান্তিচুক্তি করা। একটি সুনির্দিষ্ট ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্যে বসবাসের সুযোগ পাবে।
ভাষণে মিসরের প্রেসিডেন্ট ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজাবিষয়ক যুদ্ধবিরতি কঠোরভাবে বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান।
তিনি ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনী তা লঙ্ঘন করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধবিরতি চলাকালীন সময়েও ইসরাইলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত এক হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন।
এআইএল/সকালবেলা
|