মুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
মুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি: ফেনীর মুহুরী নদী থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৮ ঘণ্টা পর সাকিব (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (৫ জুলাই) সকাল ৭টার দিকে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এর আগে গতকাল শনিবার (৪ জুলাই) দুপুরে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা গ্রামে মুহুরী নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছিলেন তিনি।

নিহত সাকিব কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার অলিপুর গ্রামের আলী মিয়ার ছেলে। তিনি ফেনীর পরশুরামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে সাকিব তাঁর নানার বাড়ির পাশে মুহুরী নদীতে খালা মায়া আক্তারের সঙ্গে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন।

নিহতের নানা সুরুজ মিয়া বলেন, “সাকিব তলিয়ে যাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করি। তাকে না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে দুপুর দুইটার দিকে পরশুরাম ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা ব্যর্থ হলে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল এনে নদীতে তল্লাশি চালানো হয়। তবে গতকাল তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে ফুলগাজী নদী এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহটি আমার নাতি সাকিবের বলে শনাক্ত করেছি।”

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “নিহত যুবক সাঁতার জানতেন না। সাঁতার না জানার কারণেই মূলত তিনি নদীর তীব্র স্রোতে ভেসে যান। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন