ইসরাইলের দাসত্ব ভাঙা সেই ফিলিস্তিনির চিরবিদায়

প্রকাশ: রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ণ
ইসরাইলের দাসত্ব ভাঙা সেই ফিলিস্তিনির চিরবিদায়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের কারাগারে দীর্ঘ চার দশক (৪০ বছর) বন্দি জীবন কাটানোর পর মুক্তি পাওয়া প্রখ্যাত ফিলিস্তিনি নাগরিক মাহের আবদুল লতিফ ইউনিস মারা গেছেন। আজ রোববার (৫ জুলাই) ভোরে ৬৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

ফিলিস্তিনি বন্দি মুক্তি আন্দোলনের অন্যতম পরিচিত ও প্রভাবশালী এই ব্যক্তিত্বের জানাজা জোহরের নামাজের পর তাঁর নিজ শহর আরআরায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাহের ইউনিস ১৯৫৮ সালের ৬ জানুয়ারি আরা গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি হাদেরার একটি শিল্পবিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধে অংশ নেন তিনি। ফাতাহ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ১৯৮৩ সালে মাত্র ২৫ বছর বয়সে ইসরাইলি বাহিনী তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর মাহের ইউনিসের ওপর দীর্ঘ সময় ধরে অমানুষিক জিজ্ঞাসাবাদ ও নির্যাতন চালানো হয়। শুরুতে ইসরাইলি সামরিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিলেও এক মাস পর আন্তর্জাতিক চাপের মুখে সেই সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১২ সালে তাঁর সাজা নির্দিষ্ট করে ৪০ বছর মেয়াদি করা হয়।

টানা ৪০ বছর কারাভোগের পর ২০২৩ সালের ১৯ জানুয়ারি তিনি ইসরাইলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি পেয়েছিলেন। দীর্ঘ কারাজীবনে তিনি হারিয়েছেন তাঁর বাবাকে। ২০০৮ সালে তাঁর বাবা মারা যান, যিনি নিজেও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশটির কারাগারে ৮ বছর বন্দি ছিলেন। কারাবন্দি থাকায় শেষবারের মতো বাবাকে দেখার সুযোগ পাননি মাহের। তাঁর এই চলে যাওয়ায় পুরো ফিলিস্তিন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: রয়টার্স

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন