বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি
অনলাইন ডেস্ক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় গত কয়েকদিন ধরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত ও শক্তিশালী হয়ে একই এলাকায় শক্তিশালী মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের সরাসরি প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকা প্রচণ্ড উত্তাল রয়েছে।
সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় জেলা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে যেকোনো সময় তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের প্রধান চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশেষ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, মৌসুমি নিম্নচাপটি আজ রবিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সাগর বেশ উত্তাল রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগর থেকে দ্রুত উপকূলের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়েই অবস্থান করতে কঠোর নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
|