হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ফুফাতো ভাই গ্রেপ্তার
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে আপন মামাতো বোনকে (তরুণী) ধর্ষণের অভিযোগে ফুফাতো ভাই সাকিব উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
আজ রোববার (৫ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকিব উদ্দিন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত সাকিব পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন। গত ৫ জুন ওই তরুণী তাঁর মায়ের সাথে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। ওই দিনই ফুফাতো ভাই সাকিব তাঁকে গ্রামীণ পরিবেশ ঘুরিয়ে দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে বের হন। এরপর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে যান। সেখানে তরুণীকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন সাকিব।
ধর্ষণের পর ভুক্তভোগীকে নানা হুমকি দিয়ে নিজের বাড়িতে আটকে রাখেন তিনি। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে অভিযুক্ত সাকিবের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করেন। বাড়িতে ফেরার পর তরুণী মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে তাঁর ওপর হওয়া এই পাশবিক নির্যাতনের বিস্তারিত জানান।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত সাকিব এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মাইজদী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|