মুকসুদপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

প্রকাশ: রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
মুকসুদপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

আজ রোববার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম, এমপি বলেন, “সরকারের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।” তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ২৭০টি গ্রামের মোট ৪ হাজার ৪০০টি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা, বীজ, সার এবং অন্যান্য আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হবে। তিনি কৃষকদের এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আবুল বাসার মিয়া।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২৫ কোটি চারা বিতরণ করা হবে। এই মহৎ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে উপস্থিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি প্রণোদনার বীজ, সার ও বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন