গজারিয়ায় ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় মামলা
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় এক প্রতিবেশীর লালসার শিকার হয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই বর্বরোচিত ঘটনায় গতকাল শনিবার (৪ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর অসহায় পরিবার বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামলার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের মহিউদ্দিন মুন্সীর ছেলে লম্পট সাজিদ মুন্সী (১৯) দীর্ঘদিন ধরে ওই নাবালিকা কিশোরীকে বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। একপর্যায়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ফুসলিয়ে ওই এলাকার মৃত সোনা মিয়ার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে যায় এবং জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে সাজিদ।
সম্প্রতি ওই কিশোরী শারীরিকভাবে তীব্র অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীর শারীরিক অবস্থা দেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসক জানান, ওই কিশোরী বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা। এই খবর শোনার পর কিশোরীর পরিবার হতভম্ব হয়ে পড়ে।
এদিকে, ধর্ষণের ফলে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত ধর্ষক সাজিদ মুন্সী ও তার পরিবারের লোকজন বাড়ি-ঘর তালাবদ্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, “কিশোরীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এআইএল/সকালবেলা
|