কোস্ট গার্ডদের ওপর হামলা: আটক ৬
মোংলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ডের হাড়বাড়ীয়া স্টেশনে দুর্ধর্ষ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৬ জন হামলাকারীকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) সকালে এই হামলার ঘটনা ঘটে। হামলায় কোস্ট গার্ডের হাড়বাড়ীয়া স্টেশনে কর্তব্যরত ৩ জন সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
কোস্ট গার্ড সদর দফতর ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের সুনির্দিষ্ট এই পয়েন্টটি দীর্ঘদিন ধরে দুর্ধর্ষ বনদস্যু ও তাদের প্রধান সহযোগীদের নিরাপদ ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি সুন্দরবনের নিরাপত্তা জোরদারে জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ড হাড়বাড়ীয়া স্টেশন স্থাপন করার পর থেকেই দস্যুদের অবৈধ রসদ, অস্ত্র, জ্বালানি ও লজিস্টিক সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে চোরাকারবারি ও বনদস্যু চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে সংগঠিত হয়ে এই কোস্ট গার্ড ক্যাম্পে অতর্কিত হামলা ও সরকারি সম্পদ ভাঙচুর চালায়।
সরকারি ক্যাম্পে হামলার এই স্পর্শকাতর ঘটনার পর গত বৃহস্পতিবার গভীর রাতে কোস্ট গার্ডের পক্ষ থেকে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৪৪ জন এজাহারনামীয় আসামিসহ আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা স্থানীয় দস্যু ও দুর্বৃত্তকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর পরই সুন্দরবন ও আশপাশের উপকূলে কোস্ট গার্ড, পুলিশ ও যৌথবাহিনীর সমন্বয়ে এক চিরুনি অভিযান শুরু হয়। আজ শুক্রবার দুপুর পর্যন্ত চলা এই যৌথ অভিযানে এজাহারভুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোংলা থানা-পুলিশ ও কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত বাকি আসামিদের পরিচয় শনাক্ত করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে সুন্দরবনের গহীন অঞ্চলে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে হাড়বাড়ীয়া ক্যাম্প ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|