নওগাঁ সীমান্তে ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
নওগাঁ সীমান্তে ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে ওই ব্যক্তিরা ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন।

আজ বুধবার (২৪ জুন) সকালে নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোর ৪টার দিকে সাপাহার আদাতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপির কাছ দিয়ে ভারতীয় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা এই ৯ জনকে বাংলাদেশের ভেতরে পুশইনের চেষ্টা করে। অনুপ্রবেশের চেষ্টাকারী ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

সংবাদ পাওয়ার পরপরই সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত চৌকির বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “সংবাদ পাওয়ার পর ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। ওই ৯ জনসহ অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।”

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন