দীঘিনালায় জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন বোয়ালখালী
রুপম চাকমা, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে কবাখালী ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বোয়ালখালী ইউনিয়ন একাদশ।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের এই জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই ফুটবল যুদ্ধ উপভোগ করতে মাঠে প্রায় ১০ হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার মোট ছয়টি শক্তিশালী দল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনালে মাঠের লড়াই শেষে জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি, দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন বোয়ালখালী দলের হাতে জমকালো ট্রফিসহ নগদ ৩০ হাজার টাকা এবং রানার্সআপ কবাখালী দলের হাতে ট্রফিসহ ২০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেওয়া হয়। পুরো টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্সের জন্য সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন নেপোলিয়ন চাকমা এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হওয়ার গৌরব অর্জন করেন মো. হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন একটি গণমাধ্যমকে বলেন, "খেলাধুলা পাহাড়ের মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেন।
|