মাদারীপুরে বিপুল পরিমাণ নকল সিগারেটসহ গ্রেপ্তার ৩
নাহিদ জামান, মাদারীপুর: মাদারীপুর জেলা পুলিশের একটি বিশেষ অভিযানে প্রায় ১১ লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। এই জালিয়াতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা এবং এর মাধ্যমে সরকারের প্রায় ৫৪ লাখ ১২ হাজার টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা চলছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।
গতকাল বুধবার (১ জুলাই) ভোরে মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের মোবারকদি শাখা সড়কে এই সফল অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। মোবারকদি শাখা সড়কে সন্দেহভাজন একটি মিনি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ম-১২-৫৫১৫) গতিরোধ করে আটক করে পুলিশ।
গাড়ির পেছনের অংশ তালাবদ্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বিমল চন্দ্র দাসের নেতৃত্বাধীন একটি বিশেষ টিমকে ঘটনাস্থলে ডাকা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়ির তালা খুলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা প্রাথমিক পরীক্ষা শেষে নিশ্চিত করেন যে, সিগারেটের প্যাকেটে ব্যবহৃত ভ্যাটের সিকিউরিটি ব্যান্ডরোলগুলো সম্পূর্ণ জাল ও নকল। এরপর গাড়ি থেকে ৫০/৫০ ব্র্যান্ডের ১০৫ কার্টন এবং ওসাকা ব্র্যান্ডের ৫ কার্টনসহ মোট ১১০ কার্টন (১১ লাখ শলাকা) সিগারেট জব্দ করা হয়।
অবৈধ সিগারেট বহনের দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে মো. নাদিম মিয়া (২৭), আতাহার মিয়া (৬২) এবং মো. সোহেল রানা (৪৫) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ভ্যাট কর্মকর্তারা জানান, আসামিরা পরস্পরের যোগসাজশে নকল সরকারি ব্যান্ডরোল ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়ে এই সিগারেটগুলো বাজারে বিপণনের উদ্দেশ্যে পরিবহন করছিলেন। এই চক্রের সাথে জড়িত অন্য অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|