ফেনীতে বাড়ি নির্মাণে বাধা ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ণ
ফেনীতে বাড়ি নির্মাণে বাধা ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ফেনী প্রতিনিধি: ফেনীর লালপুল সংলগ্ন সুলতানিয়া মাদরাসা এলাকায় নতুন বাড়ি নির্মাণে বাধা প্রদান এবং চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শাহাবুদ্দিন ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড (মধুপুর) বিএনপির সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী মোহাম্মদ ইলিয়াস জানান, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে তিনি তাঁর নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করলে শাহাবুদ্দিন ও তাঁর সহযোগীরা এসে বাধা দেন। অভিযোগ রয়েছে, শাহাবুদ্দিন ওই বাড়িতে নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ পেতে চাপ সৃষ্টি করেন। ইলিয়াস রাজি না হওয়ায় শাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ বন্ধ করে দেন এবং মালিককে তাঁর সাথে দেখা করার নির্দেশ দেন।

নির্মাণ শ্রমিকদের সুপারভাইজার রনি জানান, মঙ্গলবার দুটি মোটরসাইকেলে করে শাহাবুদ্দিনসহ কয়েকজন এসে কাজ বন্ধ করতে বলেন। কাজ চালিয়ে গেলে বড় ধরনের ক্ষতির হুমকিও দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এর আগেও মাটি কাটতে আসা কয়েকজন শ্রমিককে মারধর করে আহত করেছিলেন ওই নেতা।

অভিযোগের বিষয়ে শাহাবুদ্দিন জানান, তিনি ইলিয়াসকে কেবল নির্মাণ সামগ্রী ক্রয়ের কথা বলেছিলেন। তবে শ্রমিকদের মারধর বা হুমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, সংগঠনের পদধারী কারো বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, ফেনী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, পুলিশ সকল অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। খবর পাওয়ার সাথে সাথে উপ-পরিদর্শক জিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন