অটোচালকের টাকা আত্মসাৎ: আসামি মিমুল গ্রেফতার
মো. মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীতে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক অসহায় অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার প্রধান আসামি পাভেল ইসলাম মিমুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টার দিকে নগরীর মতিহার থানার কাজলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিমুল নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার টুলুর ছেলে।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নগরীর অটোচালক মঞ্জুর ব্যক্তিগত জরুরি প্রয়োজনে কাটাখালী থানা এলাকার একটি গ্যারেজে তাঁর মহাজনের ব্যাটারিচালিত অটোরিকশাটি বন্ধক রেখে ২৫ হাজার টাকা ঋণ দিয়েছিলেন। পরবর্তীতে গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি ছাড়িয়ে আনার জন্য তিনি তাঁর বন্ধু মিলনের সহায়তা চান। এ সময় মিলনের মাধ্যমে পরিচয় হওয়া মিমুল নিজেকে একটি জাতীয় দৈনিক পত্রিকার ক্রাইম রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন।
সাংবাদিক পরিচয়ের প্রভাব খাটিয়ে মিমুল কম টাকায় অটোরিকশাটি দ্রুত ছাড়িয়ে এনে দেওয়ার প্রলোভন দেখালে সরল বিশ্বাসে চালক মঞ্জুর তাঁর হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন। তবে টাকা নেওয়ার পর গভীর রাত পর্যন্ত মঞ্জুর অপেক্ষা করলেও মিমুল অটোরিকশা নিয়ে আর ফিরে আসেননি। একপর্যায়ে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ করে দেওয়া হয়।
পরদিন ২২ মে রাতে মিমুলের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা ফেরত দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান এবং উল্টো ওই অটোচালককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনায় নিরুপায় হয়ে অটোচালক মঞ্জুর বাদী হয়ে মতিহার থানায় প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগরীর (আরএমপি) মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬(২) ধারায় মতিহার থানায় একটি মামলা (মামলা নং-১৮) দায়ের করা হয়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া সঙ্গীয় ফোর্সসহ কাজলা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মিমুলকে গ্রেফতার করতে সক্ষম হন। আজ শুক্রবার (১২ জুন) সকালে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।
এদিকে ভুয়া সাংবাদিক মিমুলের গ্রেফতারের খবরে ভুক্তভোগী দিনমজুর অটোচালক ও তাঁর পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা আরএমপি পুলিশকে ধন্যবাদ জানিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের কষ্টার্জিত টাকা ফেরত পাবেন বলে আশা প্রকাশ করেছেন।
এআইএল/সকালবেলা
|