কটিয়াদীতে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন— কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল মিয়া (৪০), উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল (৪৭), মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল-আমিন (৪৮) এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাল মিয়া পৌরসভার কামারকোনা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে, রুহুল আমিন শাকিল বোয়ালিয়া এলাকার নুরুল আমিনের ছেলে, মো. আল-আমিন মসূয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে এবং মো. মোশাররফ হোসেন কটিয়াদী পূর্বপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত চারজনই কটিয়াদী থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার (২৪ জুন) দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এআইএল/সকালবেলা
|