অবশেষে সামনে এলেন অলকা, এখন কেমন আছেন শিল্পী

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ
অবশেষে সামনে এলেন অলকা, এখন কেমন আছেন শিল্পী

বিনোদন ডেস্ক: দীর্ঘ চার দশকের সংগীত সাধনার স্বীকৃতিস্বরূপ ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন কিংবদন্তি শিল্পী অলকা ইয়াগনিক। গত ২৩শে জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। তবে এই আনন্দের মুহূর্তের পাশাপাশি শিল্পীর শারীরিক অবস্থা নিয়েও দেশজুড়ে ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পুরস্কার নিতে যাওয়ার সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ৬০ বছর বয়সী এই শিল্পী ঠিকমতো হাঁটতে পারছেন না এবং মঞ্চে ওঠার জন্য তাকে অন্যের সাহায্য নিতে হচ্ছে। প্রিয় শিল্পীকে এমন অবস্থায় দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগে, তবে কি তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে? এই জল্পনার অবসান ঘটিয়ে অলকা ইয়াগনিক নিজেই তার স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অলকা ইয়াগনিক লিখেছেন, “গত দুই বছর ধরে আমি প্রচারের আলো এবং জনসমক্ষ থেকে দূরে ছিলাম। আপনারা অনেকেই জানেন আমি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও অবিচল সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিল।”

তিনি আরও যোগ করেন, “এই পদ্মভূষণ সম্মান আমার নিজের নাম বহন করলেও, এটি মূলত আমার কোটি কোটি শ্রোতার প্রাপ্য, যারা আমাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভালোবাসায় আগলে রেখেছেন। আমি এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি।”

উল্লেখ্য যে, অলকা ইয়াগনিক ২০২৪ সালে প্রথমবারের মতো প্রকাশ্যে জানিয়েছিলেন যে, তিনি একটি ভাইরাল সংক্রমণের কারণে ‘সেন্সরিনিউরাল শ্রবণশক্তি হ্রাস’ (Sensorineural Hearing Loss) নামক রোগে ভুগছেন। এই সংক্রমণের ফলে তার শোনার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তার দীর্ঘ সংগীত ক্যারিয়ারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিজের দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরে তিনি ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভক্তদের আশ্বস্ত করে শিল্পী জানান, অদম্য ইচ্ছা আর মানুষের ভালোবাসাকে সঙ্গী করেই তিনি আবার সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন