বাংলাবান্ধায় ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলারসহ পলাশ চন্দ্র মাঝি নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক পলাশ চন্দ্র মাঝি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা। বিজিবি ও বন্দর সূত্রে জানা যায়, পলাশ চন্দ্র বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ থেকে ৩০ লক্ষ টাকার সমান। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ.আই.এল/সকালবেলা
|