টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটুপানি, কালিয়াকৈরে তীব্র জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে এক ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় রীতিমতো হাঁটুপানি জমে গেছে। মহাসড়কে পানি জমে থাকায় ওই রুটে যান চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। একই সাথে কালিয়াকৈরের বিস্তীর্ণ এলাকার শত শত ঘরবাড়ি, দোকানপাট ও অভ্যন্তরীণ সংযোগ সড়কে পানি ঢুকে পড়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
আজ রবিবার (১২ জুলাই) সকালে কালিয়াকৈরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি অংশে টানা বৃষ্টির পানি জমে বড় আকারের কৃত্রিম নদীর রূপ নিয়েছে। মহাসড়কের ওপর কোথাও হাঁটুসমান পানি, আবার কোথাও তার চেয়েও বেশি। মহাসড়কের পাশাপাশি পৌরসভার হরিণহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙা মসজিদ, খাজার ডেক, আনসার একাডেমি এলাকা, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, নিশ্চিতপুর, হাবিবপুর, রূপনগর, কলাবাধা, ডাইনকিনী, হরতকীতলা, মাইওয়ান, দিঘীরপাড় বটতলা এবং পূর্ব চান্দরাসহ প্রায় প্রতিটি নিচু এলাকায় জলাবদ্ধতার এক করুণ চিত্র চোখে পড়ে। এসব এলাকার কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, রান্নাঘর ও ছোট-বড় শত শত ব্যবসাপ্রতিষ্ঠান।
হঠাৎ করে ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ আসবাবপত্র ও গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। অনেক এলাকার অভ্যন্তরীণ সড়কে নৌকা ও ভ্যান ছাড়া চলাচলের কোনো উপায় নেই।
পৌরসভার সাধারণ বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর এলাকায় অপরিকল্পিত নগরায়ণ, অবাধে স্থানীয় খাল ও প্রাকৃতিক জলাশয় ভরাট, পানি প্রবাহের স্বাভাবিক পথগুলো সংকুচিত করে বিভিন্ন কারখানা ও ভবন নির্মাণ এবং অপর্যাপ্ত ও অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণেই আজ সামান্য বৃষ্টিতেই এই নরকযন্ত্রণার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিশ্বাসপাড়া, হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকার পানি নিষ্কাশনের প্রধান ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খালগুলোর মুখ পুরোপুরি সংকুচিত বা ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার কোনো পথ পাচ্ছে না।
মহাসড়কে পানি জমা এবং স্থানীয় জনগণের এই তীব্র ভোগান্তির বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরসভার বর্তমান প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, "ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ হরিণহাটি এলাকায় একটি নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ করতে গিয়ে নির্মাণসামগ্রীর কারণে মহাসড়কের পাশের প্রধান পানি নিষ্কাশনের ড্রেনের মুখের কিছু অংশ ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে। যার ফলে মহাসড়কের পানি দ্রুত নামতে না পেরে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া গত কয়েকদিনে অস্বাভাবিক মাত্রায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে এলাকার শাখা খালগুলোর স্বাভাবিক পানি ধারণ ক্ষমতা অতিক্রম করেছে।" তিনি আরও জানান, বন্ধ হয়ে যাওয়া ড্রেনের মুখগুলো দ্রুত পরিষ্কার করে পানি সচল করার জন্য জরুরি ভিত্তিতে লোক লাগানো হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
|