নবীনগরে নৌকা নিয়ে সংঘর্ষে নিহত ১
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ভেড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হানিফ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নবীনগর বাজারের মনুবাবুর ঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া উপজেলার বগডহর গ্রামের উত্তরপাড়ার হারিজ মিয়ার বড় ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মনুবাবুর ঘাট এলাকায় বগডহর ও মোহল্লা গ্রামের লোকজনের মধ্যে নৌকা ভেড়ানো নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় হানিফ মিয়া গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা হানিফ মিয়াকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোহল্লা গ্রামের আব্বাস খাঁ মেম্বারের বাড়ির এলেম খাঁ জড়িত থাকতে পারেন বলে নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেছেন। হানিফ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা পরিস্থিতি স্বাভাবিক করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ.আই.এল/সকালবেলা
|