রাজবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তামাকবিরোধী অভিযান

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
রাজবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তামাকবিরোধী অভিযান

রাসেল মিয়া, রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের তিনটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন মুদি দোকানে তামাকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান।

আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ী সরকারি কলেজ, রাজা সূর্য্যকুমার ইনস্টিটিউট (আরএসকে) এবং অংকুর স্কুল অ্যান্ড কলেজের সীমানার ১০০ মিটারের ভেতর গড়ে ওঠা মুদি দোকানগুলোতে আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কয়েকটি দোকানে শিক্ষার্থীদের লক্ষ্য করে অবৈধভাবে তামাকজাত পণ্য (সিগারেট ও বিড়ি) প্রদর্শন, সংরক্ষণ ও বিক্রয় করার হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬)’-এর ৬(খ) ধারা লঙ্ঘনের অপরাধে সংশ্লিষ্ট মুদি দোকান মালিকদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এ ধরনের আইনবিরোধী ও স্বাস্থ্যহানিকর কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজবাড়ীর জনস্বাস্থ্য সুরক্ষা, কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক মানসিক বিকাশ নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা কঠোরভাবে রোধ করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তরুণ প্রজন্মকে ধুমপানের হাত থেকে বাঁচাতে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ১০০ মিটারের মধ্যে থাকা দোকানগুলোতে আগামীতেও এই ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন